স্বামীর ‘অতিরিক্ত ভালবাসায় অতিষ্ট’, বিচ্ছেদ চাইলেন স্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৩:৩৭

স্বামীর অতিরিক্ত ভালবাসা ও স্নেহে অতিষ্ট হয়ে বিচ্ছেদ চেয়েছেন এক নারী। এই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। খবর খালিজ টাইমসের।  

ঘটনার বিস্তারিত সম্পকে জানা যায়, দেশটির ফুজাইরা শহরের এক শরিয়াহ আদালতে বিচ্ছেদের জন্য দ্বারস্থ হয়েছেন ওই নারী। ওই নারীর অভিযোগ, তার স্বামীর 'অতিরিক্ত ভালোবাসা ও স্নেহে' তিনি অতিষ্ঠ। এতে করে তার দম বন্ধ হয়ে আসছে।   

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী আদালতে বলেছেন, তার স্বামী তাকে চিৎকার করে কোনদিনই কথা বলেননি। 

তিনি আরও জানান,  তার স্বামী বাড়ি ঘর পরিষ্কার করার ক্ষেত্রেও তাকে সাহায্য করেন। মাঝে মধ্যে রান্নাও করেন। এই অতিরিক্ত ভালবাসা তিনি সহ্য করতে পারছেন না। স্বামীর অতিরিক্ত ভালবাসা তার জীবনকে এক রকম নরকে পরিণত করেছে।    

এছাড়া ওই নারী জানান, তিনি অপেক্ষা করে থাকেন তাদের মধ্যে কোনও বিষয়ে মতবিরোধ হবে, কিন্তু সেই এক বছরের দাম্পত্য জীবনে তাদের মধ্যে এমন কিছুই হয় না। প্রতিবারই তার স্বামী ভালবাসা আর উপহার দিয়ে তাকে ভরিয়ে দেন। কিন্তু এই রকম জীবন তিনি চান না। 

ওই নারীর স্বামী জানান, তিনি ভুল কিছু করেননি। তার ভাষায়, আমি কেবল একজন পারফেক্ট স্বামী হতে চেয়েছি। এছাড়া তিনি আদালতকে বলেন, তারা যেন তার স্ত্রীকে মামলাটি প্রত্যাহার করে নিতে পরামর্শ দেয়।  

আরও পড়ুন: ইকুয়েডরে বিমান বিধ্বস্ত, নিহত ৪

বর্তমানে এই মামলাটি  স্থগিত রেখেছে দেশটির আদালত। আদালত জানিয়েছে, প্রত্যেকেরই ভুল শোধরানোর সুযোগ পাওয়া উচিত।

ইত্তেফাক/এসআর