স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। ভোট দিয়ে নৌকাকে বিজয় করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। স্বাধীনতা বিরোধীদের দয়া করে ভোট দেবেন না। তাদের ভোট দিলে পুনরায় স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়বে, স্বাধীনতার জন্য জীবনদানকারী সকল শহীদ, মা-বোনদের ইজ্জত কলঙ্কিত হবে। ওরা ক্ষমতায় আসলে দেশে আবার হত্যা আর কু-রাজনীতি শুরু করবে। গৌরনদীর বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। এ সময় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান, যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, আইনবিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান, উপজেলা যুবলীগের নেতা মকবুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম এনামুল হক প্রমুখ।
