এখনো পুরোপুরি ফিট নন মিরাজ

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:৪৭

বিশ্বকাপে একের পর এক ইনজুরি হানা দিয়েছিল বাংলাদেশ শিবিরে। ইনজুরির মিছিল গত কিছু দিনে অনেকটাই ছোটো হয়ে এসেছে। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য মিরপুর স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। কিন্তু পূর্ণ ফিট না হওয়ায় অনুশীলন করা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। ডানহাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার। তাই সতীর্থদের মতো পুরোদমে অনুশীলন করতে পারছেন না মিরাজ।

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরীর কাছ থেকে জানা গেছে, ফিল্ডিং করতে গিয়ে অনামিকায় ব্যথা পেয়েছেন মিরাজ। বল লেগেছিল তার আঙ্গুলে। তারপর থেকে ব্যাটিং-বোলিংয়ে বিরতি পড়েছে। কয়েকদিন ব্যাটিং-বোলিং করতে পারছেন না তিনি। তবে চলতি সপ্তাহেই আবার নেটে ব্যাটিং-বোলিং শুরু করার কথা তার।

গতকাল হাতের আঙ্গুলের অবস্থা জানতে চাইলে মিরপুর স্টেডিয়ামে মিরাজ সাংবাদিকদের বলেছেন, ‘আঙ্গুল আল্লাহর রহমতে ভালো আছে। তেমন কোনো সমস্যা হয়নি। হয়তো তিন-চার দিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। অনুশীলনে নামতে পারছি না দেখে খারাপ লাগছে। ইনজুরির কারণে ব্যাটিং-বোলিং করতে পারছি না দেখে খারাপ লাগছে। তবে এরপরেও আল্লাহ্? যা করেন ভালোর জন্য করেন।’

দ্রুতই ব্যাটিং-বোলিং শুরু করবেন জানিয়ে এই তরুণ অলরাউন্ডার গতকাল বলেছেন, ‘হয়তো পরবর্তী দুই-তিন দিনের মধ্যে বোলিং-ব্যাটিং করতে পারব। এর আগে যা আছে ফিজিক্যাল ফিটনেস সেটাও হয়তো ভালো হবে।’

নিজে না পারলেও সতীর্থদের অনুশীলন দেখছেন মিরাজ। সেখানেই মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের কঠোর পরিশ্রম দেখে শিখছেন বলে জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার।

মিরাজ বলেন, ‘একজন জুনিয়র খেলোয়াড় হিসেবে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের যারা জুনিয়র ক্রিকেটার আছে যেমন—আমি, সাইফউদ্দিন, মোসাদ্দেক, সৌম্য ভাই এবং যারাই আছে তাদের সবার সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কারণ তারা যে পরিমাণ কঠোর পরিশ্রম করে আমরাও যদি তেমনটা করতে পারি আমার কাছে মনেহয় আমাদের দল আরো ভালো ক্রিকেট খেলবে।’

আফগানদের বিরুদ্ধে চট্টগ্রামে যে কোনো ধরনের উইকেটে খেলতে প্রস্তুত বাংলাদেশ। ঘাসের উইকেট হলেও চিন্তিত নন মিরাজ। এই অফস্পিনার গতকাল বলেছেন, ‘আসলে আমরা স্পিনার হিসেবে সব কন্ডিশনে খেলতেই অভ্যস্ত। আমাদের যেমন উইকেটই দিক না কেন সবসময় আমরা প্রস্তুত যেটি আমাদের দলের জন্য কিংবা আমাদের জন্য ভালো হয়। শুধু স্পিন কিংবা পেস নয়, ব্যাটিং বান্ধব উইকেট—আমরা সবসময় চ্যালেঞ্জ নিয়ে খেলতে প্রস্তুত। আসলে টেস্ট ক্রিকেটে সবসময় চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয়।’