লাথামের পর ওয়াটলিং-গ্র্যান্ডহোম

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:৪৮

কলম্বোতে বৃষ্টির আনাগোনা থামছেই না। প্রথম দুদিনের মতো না হলেও গতকাল চতুর্থ দিনেও বৃষ্টি হানা দিয়েছিল। তার মধ্যেও শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড বড়ো লিডের পথ তৈরি করে ফেলেছে। টম লাথামের ১৫৪ রানের পর বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোমের অসাধারণ জুটি পথ দেখাচ্ছে সফরকারীদের।

প্রথম ইনিংসে ২৪৪ রান করে অলআউট হয়েছিল প্রথম টেস্ট জেতা স্বাগতিক শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। জবাব দিতে নেমে বাজে শুরু করেছিল নিউজিল্যান্ড। দলীয় ১ রানে খালি হাতে ফিরে এসেছিলেন জিত রাভাল। আর এখান থেকেই দারুণ পালটা আক্রমণ করেন টম লাথাম। কেন উইলিয়ামসন, রস টেলর ও হিনরি নিকোলস খুব বেশি সঙ্গ দিতে পারেননি লাথামকে। তিনি একাই টেনে নিয়ে গেছেন ইনিংস। ওয়াটলিং শেষ দিকে একটা জুটি করেছিলেন লাথামের সাথে।

গতকাল ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। লাথাম ১১১ রানে এবং ওয়াটলিং ২৫ রানে ব্যাট করছিলেন। দারুণ গতিতে ছুটতে থাকা লাথাম ১৫০ রানও পার করে ফেলেন। শেষ পর্যন্ত দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লু হওয়ার আগে ১৫৪ রান করেছেন তিনি। ২৫১ বলে ১৫টি চারে সাজানো ইনিংস খেলেছেন লাথাম। আউট হওয়ার আগে ওয়াটলিংয়ের সাথে ১৪৩ রানের জুটি করেন লাথাম।

তিনি আউট হওয়ার পর নিউজিল্যান্ডকে আরো বড় লিডের দিকে নিয়ে যান ওয়াটলিং ও গ্র্যান্ডহোম। দুজনে এরই মধ্যে ১১৩ রানের জুটি করে ফেলেছেন। গতকাল শেষ বিকালে বৃষ্টি আরো একবার এসে খেলা বন্ধ করে দিয়েছিল। তারপরও জুটি ভাঙেনি ওয়াটলিং-গ্র্যান্ডহোমের।

শেষ পর্যন্ত দিনের খেলা যখন শেষ হলো, নিউজিল্যান্ডের স্কোর তখন ৫ উইকেটে ৩৮২। ওয়াটলিং ২০৮ বলে ৮১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। বিপরীতে গ্র্যান্ডহোম একেবারে মারকুটে মেজাজে ছিলেন। তিনি ৭৫ বলে ৫টি করে চার ও ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন।