বিরাট কোহলির ব্যাটসম্যান হিসেবে গ্রেটনেস নিয়ে কারো সন্দেহ নেই। কিন্তু অধিনায়ক হিসেবে তার অস্থিরতা ইতিমধ্যে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অধিনায়ক হিসেবে অভিষেকের পর থেকে এই পর্যন্ত কোহলি ৩৮টি ভিন্ন ভিন্ন টেস্ট একাদশ মাঠে নামিয়েছেন। তার এই একাদশে বদলের প্রবণতা সর্বশেষ অ্যান্টিগা টেস্টেও দেখা গেছে। এই টেস্টের একাদশে ছিলেন না ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ঠিক এই ব্যাপারে কোহলির সমালোচনা না করলেও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, কোহলির উচিত খেলোয়াড়দের আরেকটু বেশী সুযোগ দেওয়া, ‘আমি বলবো, এই একটা জায়গা আছে, যেখানে বিরাটের আরেকটু ধারাবাহিক হওয়া উচিত। আমি আগেও বলেছি, খেলোয়াড়দের দলে নিলে তাকে আরেকটু সুযোগ দেওয়া উচিত। কারণ, তাতে এরা ছন্দ, আত্মবিশ্বাসটা ফিরে পাবে।’
