শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ সোমবার থেকে শুরু হওয়া ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে খেলতে নামছেন পুরুষ এককের তিন মহাতারকা শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জকোভিচ, দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। যদিও, ফেদেরার নিজের থেকে বাকি দুই জনকেই এগিয়ে রাখছেন। পাঁচবার ইউএস ওপেন জয় করা ফেদেরার বলেন, ‘আমি মনে করি না এটি বড়ো সমস্যা। আমি, জকোভিচ-নাদাল দুই জনই বড়ো প্রতিপক্ষ। ওরা প্রাধান্য বিস্তার করে খেলছে। ওরা এখন আমার চেয়ে এগিয়েই আছে। এটা দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা। গেল কয়েক বছর ধরে তাই হয়ে আসছে। আমরা সবাই সামনের দিকে তাকিয়ে আছি, আরো ভালো করার জন্য।’
