মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জোড়াতালি দিয়ে চলছে সড়ক সংস্কারের কাজ। উপজেলার পৌর এলাকার প্রধান দুটি সড়ক ভানুগাছ রোড ও স্টেশন রোডের বিভিন্ন খানাখন্দ ভরাটে পাথর ও বিটুমিন ঢেলে দায়সারা গোছের সংস্কার কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা হতে শুরু করে ভানুগাছ সড়কের বিটিআরআই পয়েন্ট পর্যন্ত মাত্র ১ কিলোমিটার রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই মেরামত করা হচ্ছে।
গত বুধবার সকালে শহরের স্টেশন রোডে সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্য সহকারী তপন বিকাশ দেবের নেতৃত্বে কিছু কর্মী রাস্তা সংস্কারের কাজ করছে। এসময় সওজ-এর একটি ট্রাকে রাখা যন্ত্রাদির মাধ্যমে আগুন দিয়ে বিটুমিন গলাতে দেখা গেছে। শহরের চৌমুহনা হতে ভানুগাছ রোডের পেট্রোলপাম্প পর্যন্ত রাস্তায় আংশিক খানাখন্দের মধ্যে পাথর ফেলে কোনো রোলিং ছাড়াই বিটুমিন ঢেলে চলে যেতে দেখা গেছে তাদেরকে।
এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে শ্রীমঙ্গল উপজেলার প্রধান এই দুটি সড়কে দীর্ঘ ১০ বছর ধরে কোনো উন্নয়ন নেই। ফলে খানাখন্দ ও কাদা-পনিতে ভরা এই রাস্তায় যান চলাচলে অসুবিধার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকসহ স্থানীয়দের।
স্থানীয় ব্যবসায়ী জয় ধর, মিনহাজ উদ্দীন, চাকরিজীবী বিক্রমজিত্ দাশগুপ্ত বলেন, ‘রাস্তাটিতে নামমাত্র মেরামত যা করা হয়, তাতে তা কয়েক দিনের মধ্যেই পূর্বাবস্থায় ফিরে যায়। এভাবে মেরামত করে সওজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এক ধরনের তামাশা করছে। স্থানীয় শিক্ষক একরামুল কবীর, মাহবুবুল আলম স্বপন, সংস্কৃতিকর্মী দেলোয়ার হোসেন মামুন, কামরুল হাসান দোলন বলেন, সংস্কারের নামে সওজ কর্তৃপক্ষ এই রাস্তাটিতে দায়সারা গোছের কাজ করছেন। ফলে স্থায়িত্ব পাচ্ছে না কাজগুলো।
জানা যায়, চৌমুহনা হতে শুরু করে ভানুগাছ সড়কের বিটিআরআই পয়েন্ট পর্যন্ত ১ কিলোমিটার রাস্তাটি শ্রীমঙ্গল পৌর এলাকার ভেতরে থাকার কারণে এ রাস্তায় কাজ করতে অনাগ্রহ রয়েছে সওজ কর্তৃপক্ষের। সওজ আর পৌর কর্তৃপক্ষের টানাটানির কারণে দীর্ঘ ১০ বছর ধরে এই রাস্তায় কোনো উন্নয়ন কাজ হয়নি। ফলে ভোগান্তিতে রয়েছেন পৌরবাসীসহ অন্যরা।
মৌলভীবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, চৌমুহনা হতে শুরু করে ভানুগাছ সড়কের বিটিআরআই পয়েন্ট পর্যন্ত রাস্তাটিতে আরসিসি ঢালাই সহকারে দুই পাশে ড্রেনেজ সিস্টেমসহ নতুন কাজের একটি টেকসই কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই রাস্তাটির কাজ শুরু হবে। এর আগ পর্যন্ত স্থানীয় জনবল সংকটের কারণে আমরা রাস্তাটিতে এভাবেই সংস্কার করে যাচ্ছি।
