ভারতের রপ্তানির পথে ৪০ বেল পাট পণ্যসহ ট্রাক উধাও হয়ে যায়। তবে শুক্রবার খুলনা বাইপাস সড়কে ট্রাকটির দেখা মিললেও মিলেনি ট্রাকচালক কামাল সিকদারের সন্ধান। পাট পণ্যেরও কোনো সন্ধান পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুরে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের পাটকল থেকে ৪০ বেল পাটপণ্য একটি ট্রাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটি যশোরের বেনাপোল শুল্ক বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় গত ২ ডিসেম্বর। কিন্তু দীর্ঘ ৩ দিনেও শুল্ক বন্দরে না পৌঁছালে শুরু হয়ে যায় খোঁজ-খবর।
রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক সুশীল কুমার দাস জানান, ট্রাকটি গন্তব্যস্থলে না পৌঁছালে আমরা এর চালকের সাথে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গিয়েছিল। ফলে বিষয়টি সৈয়দপুর থানায় অবহিত করা হয়। আমরা কয়েকজন ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে জানতে পারি ওই নম্বরের ট্রাকটি খুলনা বাইপাস সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাটকলটির পরিচালক সুশান্ত কুমার দাস জানান, ট্রাকটির চালক কামাল সিকদার কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ১৪ লাখ টাকা মূল্যের ওই পাটপণ্য বিক্রি করে দেয় বলে আমরা অভিযোগ পেয়েছি। ওই চালকের বাড়ি পটুয়াখালী জেলার বাহালগাইছা গ্রামে। তার বাবার নাম সোবহান সিকদার বলে জানান তিনি।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত ওসি শাহজাহান পাশার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিগগিরি চালককে আটক করা সম্ভব হবে।
