ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০২

ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে নির্যাতিতা পাঁচ নারী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল রবিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সুবর্ণচরসহ জেলায় বিভিন্ন সময়ে গণধর্ষণ ও ধর্ষণের শিকার নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যরা এ মানববন্ধন-সমাবেশ করেন।

এ সময় বক্তব্য রাখেন, নির্যাতিতা নারীরা ও তাদের পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করে বলেন, গণধর্ষণ ও ধর্ষণের প্রত্যেকটি ঘটনা প্রায় একই সুতোয় গাঁথা। ঘটনাগুলোর সাত-আট মাস পার হয়ে গেলেও বেশিরভাগ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেনি পুলিশ। আদালতে অভিযোগপত্র জমা না দেওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এতে করে ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে অনেক আসামি। এ অবস্থায় আসামি ও তাদের লোকজন মামলা তুলে নিতে নির্যাতিতাদের পরিবার-পরিজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি মামলা তুলে না নিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ হত্যারও হুমকি দিচ্ছে তারা। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিতা ও তাদের পরিবারগুলো।