লাখাইয়ে ছেলের হাতে বাবা খুন!

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০৬

হবিগঞ্জের লাখাইয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে নিহত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী এসেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐ উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের হারুন চৌধুরী এবং তার ছেলে মামুনুর রশিদ চৌধুরীর মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মামানুর রশিদ তার বাবার ওপর উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। তাত্ক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পথে ঢাকার কাঁচপুর নামক স্থানে পৌঁছলে তিনি মারা যান। ঘটনার পর থেকেই ছেলে পলাতক রয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের বিষয়টি গোপন করে ময়নাতদন্ত ছাড়াই শনিবার দুপুরে তড়িঘড়ি করে লাশ দাফনের প্রস্তুতি নেয় পরিবারের সদস্যরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বিকালে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।