রাজশাহীতে ভগ্নিপতি বিপ্লবকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি রনি আহমেদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।
আসামি রনি রাজশাহী মহানগরীর কাজলা কেডি ক্লাব পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের ছেলে। মামলায় হাবিবুর রহমানও আসামি ছিলেন। তবে আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, খালাসপ্রাপ্ত হাবিবুরের জামাতা বিপ্লব হোসেনকে ২০১৭ সালের ৩ মার্চ আসামি রনি আহমেদ ছুরিকাঘাতে হত্যা করে। ভিকটিম বিপ্লবের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম এরশাদ আলী। বিপ্লবকে হত্যার ঘটনায় নগরীর মতিহার থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেন তার বড়ো ভাই আসাদ জামান ওরফে বুলবুল। তবে অভিযোগপত্র থেকে এক আসামিকে অব্যাহতি দেয় পুলিশ।
