ভবন থেকে ইট পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন রাসেল টাওয়ারের ওপর থেকে ইট পড়ে নিচে থাকা বাহাদুর (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে ঐ ভবন থেকে ইট পড়ে মাথায় আঘাত পান বাহাদুর। গুরুতর আহতাবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য বাহাদুরের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ মৃতের ছেলে সাকিব বলেন, ‘বাবা কাজের জন্য শনিবার ঢাকায় আসেন। আমি এসেছি ৪/৫ দিন আগে। গতকাল বাবা রিকশা চালানোর চেষ্টা করেছিলেন; কিন্তু রিকশা পাননি। আজ (রবিবার) তিনি ঢাবির নির্মাণাধীন রাসেল টাওয়ারে কাজের জন্য আসেন। আমিও সেখানে কাজ করি। সকালে বাবা নিচে ছিলেন। হঠাত্ ঐ ভবনের ওপর থেকে তার মাথায় ইট পড়ে।