সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দেওয়া শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবি মনে করে, ইতিপূর্বে সংসদ সদস্য ও অর্থমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালনকালে এ সুবিধা গ্রহণ না করলেও বর্তমানে সংসদ সদস্য না হয়েও তা গ্রহণ নৈতিক বিবেচনায় প্রশ্নবিদ্ধ হবে এবং তার সুনামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। তাই এ সুবিধা গ্রহণ না করে নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল রবিবার টিআইবির এক বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী এনবিআর কর্তৃক জারিকৃত এক বিশেষ আদেশে পরপর দুই মেয়াদে সংসদ সদস্য ও অর্থমন্ত্রী থাকা অবস্থায় এ সুযোগ গ্রহণ না করার যুক্তিতে ‘বাস্তবিক অবস্থার নিরিখে শর্তসাপেক্ষে এ সুবিধা’ ঘোষণা করা হয়। এছাড়া তিনি সংসদ সদস্য ও অর্থমন্ত্রী থাকা অবস্থায় বিগত সরকারের শেষ সময়ে এ আবেদন করেন বলে এনবিআর সূত্রে জানানো হয়।
