একাত্তরে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন ও লুণ্ঠনে যেসব বাঙালি বেতন নিয়ে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদের তালিকা সংগ্রহ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কাজ শুরু করেছে এবং দ্রুত তা সম্পন্ন করা হবে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের জানান, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানান হয়—তারা বেতনভোগী রাজাকারদের তালিকা সংগ্রহের কাজ শুরু করেছে। জেলাপর্যায়ে রাজাকারদের তালিকা সংগ্রহের জন্য জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। গত ২৬ মে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্রে দেখা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগে সংরক্ষিত রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীদের তালিকা এবং মুক্তিযুদ্ধের সময় জেলা প্রশাসকের কাছ থেকে বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা সংরক্ষণের সুপারিশ করে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকালের বৈঠকে বলা হয়—মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শন ও বধ্যভূমি সংরক্ষণ করা প্রয়োজন। সঠিকভাবে এসব স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া, প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স শহর থেকে বিচ্ছিন্ন স্থানে নির্মাণ না করে যথোপযুক্ত স্থানে নির্মাণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
হামদর্দের এমডির একাত্তরে ভূমিকা নিয়ে প্রশ্ন
সংসদীয় কমিটির গতকালের বৈঠকে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সংসদীয় কমিটির একজন সদস্য। কমিটির ওই সদস্য বৈঠকে বলেন, হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ হয়েছে, এটা খতিয়ে দেখা দরকার। হামদর্দ থেকে কোনো অর্থ স্বাধীনতাবিরোধী কোনো দল বা ব্যক্তির অনুকূলে গেছে কি না, সেটা জানা দরকার। হামদর্দের এমডির বিষয়ে প্রশ্ন উত্থাপনকারী ওই সদস্য বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকেরও দৃষ্টি আকর্ষণ করেন। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মইনউদ্দীন খান বাদল, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব) রফিকুল ইসলাম (বীর উত্তম), এ বি তাজুল ইসলাম ও কাজী ফিরোজ রশীদ অংশ নেন।
হাকিম ইউছুফের অনিয়মের ঘটনার সাক্ষী সুফি সাগরকে দুদকের জিজ্ঞাসাবাদ
এ দিকে, হামদর্দের এমডি ইউছুফ হারুন ভূঁইয়ার নানা অনিয়মের ঘটনায় সাক্ষী হিসেবে ড. সুফি সাগর সামসকে গতকাল জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০ আগস্ট পাঠানো তলবি নোটিশে ড. সামসকে গতকাল বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ড. সামস সাংবাদিকদের বলেন, ‘হামদর্দে নানা অনিয়ম ঘটেছে। প্রতিষ্ঠানটিকে বাঁচাতে দুদকে আবেদন করেছিলাম। আমাকে তদন্তে সহযোগিতার জন্য ডাকা হয়েছিল। নথিপত্র দুদকে উপস্থাপন করেছি।’
