স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সন্ত্রাস, জঙ্গি ও মাদক সমাজ থেকে নির্মূল করে আমরা নতুন প্রজম্মের কাছে একটি শান্তিময় বাংলাদেশ উপহার দিয়ে যেতে চাই। আমাদের সমাজ আমাদের ধর্ম কেউ মাদককে প্রশ্রয় দেয় না। ২০৪০ সালে একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে আমাদের পুলিশ বাহিনী অক্লান্তভাবে কাজ করে চলেছে।’ গতকাল রবিবার ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সেল নবাবগঞ্জ থানা কর্তৃক আয়োজিত নবাবগঞ্জ থানা ভবন উদ্বোধন, এএসপি দোহার সার্কেল কাম বাসভনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সন্ত্রাস, জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচনের আগে আপনাদের সঙ্গে যা যা ওয়াদা দিয়েছি, আমি সব করব ইনশাল্লাহ।’
ঢাকা জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঃ বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
