কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত অধ্যাপক মোজাফফর আহমদ

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২২:০৫

মুজিবনগর সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-মোজাফফর) প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল রবিবার কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে সমাহিত করা হয়েছে। এর আগে সকাল সোয়া ১০টায় কুমিল্লার টাউন হল মাঠে তৃতীয় জানাজা এবং বাদ জোহর দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।

কুমিল্লা টাউন হল মাঠে কফিনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান, আ ক ম বাহাউদ্দিন এমপি, জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. ওমর ফারুক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। দেবিদ্বারে জানাজা অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, এমপি রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, জাপা (এরশাদ) নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ন্যাপ নেতা জি এম কবির, আবদুল্লাহ আল কাফি রতন, সফিক শিকদার, মোশতাকুর রহমান ফুল মিয়া, প্রয়াতের ছোট ভাই খোরশেদ আহমেদ। পরে সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

গত শুক্রবার রাজধানীর এ্যাপোলো হাসপাতালে প্রায় ৯৮ বছর বয়সী এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমেনা আহমেদ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নবম ও দশম সংসদের এমপি নির্বাচিত হন।