ধামরাইয়ের রাস্তায় সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২৩:৫৯

গ্রামটির নাম ‘বালীথা’। পশ্চিম পাড়া, পূর্বপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, মধ্যপাড়া—এই চারটি পাড়া নিয়ে গড়ে ওঠা দেড় কিলোমিটার দীর্ঘ ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের এ গ্রামটিতে স্থায়ী নিবাসীর সংখ্যা প্রায় ১০ হাজার। বহিরাগত ভাড়াটের সংখ্যা হবে আরো কয়েকগুণ, যারা কাজ করেন বিভিন্ন শিল্পকারখানায়। গ্রামটির ভেতর দিয়ে একাধিক রাস্তা রয়েছে। তবে গ্রামের প্রধান রাস্তাটি ঢাকা-আরিচা মহাসড়ক থেকে একেএইচ পোশাক কারখানা ঘেঁষে বালীথা গ্রামের ভেতর দিয়ে বাথুলী বাজার হয়ে পুনরায় বাথুলী বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে মিশেছে। গ্রামবাসী, একেএইচ পোশাক কারখানা, রাইজিং, গ্রাফিক্স টেক্সটাইল, সরকার স্টিলসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এলজিইডির অধীন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে। কিন্তু রাস্তাটির মাত্র ৫০ গজ অংশে জলাবদ্ধতা সমস্যার কারণে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। রাস্তার পাশের খাল ভরাট করে বাড়িঘর নির্মাণ করায় বৃষ্টি হলে পানি সরতে পারে না। ফলে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তার ৫০ গজ অংশ চলে যায় পানির নিচে। তাছাড়া আশেপাশের বাড়ির নোংরা পানিও জমে থাকে রাস্তার ওপরে। জুতা হাতে নিয়ে কাপড় গুটিয়ে কিংবা রিকশাভ্যান ছাড়া এ জায়গাটুকু পার হওয়ার কোনো উপায় নেই।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশের সরকারি জায়গা ভরাট করে বাড়িঘর নির্মাণ করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. লিটন জানান, রাস্তার পাশের খাল ভরাট করে বাড়িঘর নির্মাণ করায় রাস্তাটির এমন অবস্থা হয়েছে। খাস জায়গা দখলকারীদের বিরোধিতার কারণে এ সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। ফলে হাজারো মানুষের সমস্যা হচ্ছে।