রূপগঞ্জে ভুয়া র্যাব চক্রের প্রধানসহ ভুয়া তিন র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রামের উলিপুর থানার মাসতিবাড়ী দীঘর এলাকার আব্দুল মান্নানের ছেলে জয়নাল আবেদীন, গাজীপুর সদর থানার জান্দালিয়াপাড়া এলাকার মৃত মোছলেম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন ও কিশোরগঞ্জের কটিয়াদি থানার চরজাকারিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান।
র্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার রাতে র্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রূপসী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া র্যাব সদস্য জয়নাল আবেদীন, নাজমুল হোসেন ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে র্যাবের ইউনিফরম পরিহিত ছবি (এডিট করা) ২টি, ‘বাংলাদেশ র্যাব’ লেখা ও র্যাবের মনোগ্রাম সংবলিত জ্যাকেট ১টি, র্যাব সদর দপ্তরের সিল ও অফিসারদের ভুয়া স্বাক্ষর সংবলিত নোটিশ সাতটি, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা অফিসার, ডিউটি অফিসার ও তদন্তকারী অফিসার নামীয় সিল চারটি, বিজিবির আইডি কার্ড একটি, বিজিবি ইউনিফরম এক সেট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন ও ১৪টি সিম জব্দ করা হয়। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা সম্প্রতি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ঘাঁটি গেড়েছিল। প্রতারক চক্রের প্রধান মো. জয়নাল আবেদীন বিজিবিতে চাকরি করতো। সেখানে চাকরিরত অবস্থায় ২০১৭ সালে সে বিজিবি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তার নেতৃত্বে একটি প্রতারক চক্র গঠিত হয়। সে দীর্ঘদিন ধরে বিজিবিতে চাকরি দেওয়ার নাম করে অনেক লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারই নেতৃত্বে ঐ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আর্থিকভাবে সম্পদশালী লোকদেরকে র্যাবের মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করার নামে ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
