এনডিসি কমান্ডেন্টের ইউএসআই থেকে ফেলোশিপ অর্জন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:০২

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সামরিক নেতৃত্ব শিক্ষা ও চর্চার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (ইউএসআই) হতে ফেলোশিপ অর্জন করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) পি কে সিং গত ১৯ আগস্ট জেনারেল মামুন খালেদকে এই ফেলোশিপ প্রদান করেন।

লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট হতে এ সম্মান অর্জন করেন। উল্লেখ্য, ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ১৮৭০ সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লি ভিত্তিক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক থিংকট্যাংক প্রতিষ্ঠান। প্রতিরক্ষা সেবার সকল বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উত্কর্ষসাধনই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এই প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে থাকে।