মওদুদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার বিচার চলবে

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার বিচার চলবে। আপিল বিভাগের এ সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা তার রিভিউ আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। খুরশীদ আলম খান বলেন, গত বছরের ২১ জুন এই মামলায় মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত। এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে এই মামলার বিচারকাজ চলতে আর কোনো বাধা থাকল না বলে জানান তিনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক শরিফুল হক সিদ্দিকী গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, দুদকে জমা দেওয়া মওদুদের সম্পদ বিবরণীতে মোট ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৭ কোটি ৩৮ হাজার ২৩৭ টাকার সম্পদ ঘোষিত আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।