বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটা আমরা নিতে পারিনি। দাবি আদায়ে এই শীতে আমরা আন্দোলনের ছক করে নিয়েছি। ছাত্রদল এবং যুবদলকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি রাজপথের আন্দোলনে নামবে।
গতকাল রবিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। হাফিজউদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের পাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই, দুই বছরেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারা সরকারের ব্যর্থতা। কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গা সমস্যা সমাধানে এখন পর্যন্ত সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
দেশে অনির্বাচিত সরকার থাকার কারণে জাতিসংঘসহ বহির্বিশ্বের কাছ থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে এখনো কোনো সহায়তা পাওয়া যায়নি। মধ্যরাতের সরকার সম্পূর্ণভাবে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি সরকার। আজকে এদের কারণে আমাদের কোনো বন্ধু নেই। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি ভয়াবহ সমস্যা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সার্ক অঞ্চলে বা সারা পৃথিবী থেকে আমরা কেবল লিপ সার্ভিসই পেয়েছি। কারো কাছ থেকে এ সংকট সমাধানের জন্য বলিষ্ঠ কোনো পদক্ষেপ পাইনি। সুতরাং এটি বর্তমান সরকারের জন্য কূটনৈতিক ব্যর্থতা।
