ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:১৮

ইংল্যান্ডের যখন নবম উইকেট পড়ল, তখনো জয়ের জন্য ৭৩ রান দরকার ছিল। এখান থেকে ইংল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়া কঠিন ছিল। কিন্তু অসম্ভব এই সমীকরণ মেলালেন ইংল্যান্ডের বিশ্বকাপ নায়ক বেন স্টোকস। অবিশ্বাস্যভাবে এক প্রান্তে দাঁড়িয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন। আর তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডস টেস্টে ১ উইকেটের অবিশ্বাস্য জয় পেল ইংল্যান্ড। অ্যাশেজে এলো ১-১ সমতা।

এই ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৭ রানে অলআউট হয়েছিল। প্রথম ইনিংসে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া করেছিল ১৭৯ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৪৬ রান। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্য দাঁড়ায়।

প্রথম ইনিংসে ১০০ রানও করতে না পারা দল এত বড়ো স্কোর পার করবে, এটা বিশ্বাস করা সম্ভব ছিল না। এরপর আবার এই লক্ষ্যে ছুটতে গিয়ে ১৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ইংলিশরা। কিন্তু ভিতটা গড়ে দিয়ে গেলেন জো রুট আর জো ডেনলি। রুট ৭৭ ও ডেনলি ৫০ রান করেন। কিন্তু নায়ক শেষ পর্যন্ত স্টোকস। বিশ্বকাপ ফাইনালের এই ম্যান অব দ্য ম্যাচ অসামান্য এক গ্রীষ্ম কাটাচ্ছেন। আবারও একা হাতে দলকে জেতালেন অসাধারণ এক ম্যাচ।

জশ হ্যাজেলউড প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে নায়ক হওয়ার পথে ছিলেন। কিন্তু তাকে ম্লান করে দিলেন স্টোকস। শেষ দিকে আর্চার, লিচদের নিয়ে প্রান্ত বদলে বদলে খেললেন। নিজে সুযোগ পেলেই চার বা ছয় মেরে দিলেন। শেষে যখন জয়ের জন্য ১ রান দরকার ছিল, তখনো চার মেরে জয় এনে দিলেন। শেষ পর্যন্ত স্টোকস অপরাজিত রইলেন ১৩৫ রানে। ২১৯ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় সাজানো তার এই বিস্ময়কর ইনিংস।