আমি নির্দোষ আপনারা দেখতে পাবেন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:১৯

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, বাংলাদেশের বাইরে যদি কোনো আয়-ব্যয় থাকে, তা বাংলাদেশের বাইরের বৈধ আয় থেকেই হয়েছে। আমাকে নির্দোষ প্রমাণ করারই কিছু নেই, আমি নির্দোষ, এটা আপনারা দেখতে পাবেন। গতকাল রবিবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

যুক্তরাষ্ট্রে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকাল সকাল সোয়া ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। গতকাল মাহী বি চৌধুরী ও তাঁর স্ত্রী আশফাহ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হলেও মাহীর স্ত্রী আসেননি।

মাহী বি চৌধুরী বলেন, ‘একটি অভিযোগ এসেছে আমার নামে, সেই অভিযোগের প্রাথমিক তদন্ত করছে দুদক। সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমার বক্তব্য নেওয়া প্রয়োজন ছিল। আমার কাছ থেকে দুদক যেসব তথ্য চেয়েছে, সেগুলো আমি দেব। দুদক তার মতো কাজ করবে। এর পাশাপাশি আমার কিছু কাজ করতে হবে, যা আগামী ২৭ কিংবা ২৮ তারিখে আমি আমার পুরো বক্তব্য সংবাদমাধ্যমে খোলাসা করব।’

কোনো হয়রানির শিকার হচ্ছেন কি না—এ প্রশ্নে এই সংসদ সদস্য বলেন, না না না, হয়রানির কিছু নেই। তবে দুদক তলবের চিঠি দেওয়ার পর থেকে অপপ্রচারের শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। তবে গণমাধ্যমের দ্বারা হয়রানি হচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন।