বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বসাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির পুরস্কার বিজয়ী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। ঢাকা মহানগরের সেরা ২১টি কলেজ এবং কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচি মিলে মোট ৭৪৪ জন ছাত্র-ছাত্রীকে তাদের শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় গতকাল শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী, লেখক আনিসুল হক, উপস্থাপক আব্দুন নূর তুষার, আইএফআইসি ব্যাংক লি: এর ডিএমডি শাহ মো. মঈনউদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি এবং অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।

একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সেরা ১২টি বই পড়ার সুযোগ পাবে। একটি ছোট্ট সরস পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বইপাঠ মূল্যায়ন করে পঠিত বইয়ের উপর ভিত্তি করে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের নির্বাচন করা হবে। মূল্যায়নপর্বে যারা ৬টি বই পড়েছে বলে প্রতীয়মান হবে, তারা পাবে স্বাগত পুরস্কার, যারা ৮টি বই পড়েছে বলে প্রতীয়মান হবে, তারা পাবে শুভেচ্ছা পুরস্কার, যারা ১০টি বই পড়েছে বলে প্রতীয়মান হবে, তারা পাবে অভিনন্দন পুরস্কার, আর যারা ১২টি বই পড়েছে বলে প্রতীয়মান হবে, তারা পাবে সেরা পাঠক পুরস্কার। আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।