উড়োজাহাজের ইতিকথা

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৩০

এ বিশ্বে এখন ছোট বড় ২২৮টি দেশ মিলে বিশ্ব পরিবার হিসেবে পরিগণিত। হয়তো বলতে পারেন যে হাজার হাজার মাইল দূরে অবস্থিত একেকটি দেশ পরিবারের সদস্য হয় কীভাবে? এর উত্তর অতি পরিষ্কার হয়ে উঠবে যদি আপনারা অন্যতম প্রধান নিয়ামক হিসেবে উড়োজাহাজ এবং তথ্য প্রযুক্তির বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করেন। দেখবেন, তথ্য প্রযুক্তির অবদান থাকলেও এর দ্রুততার আড়ালে আপনাকে সশরীরে যে কোনো দেশে নিয়ে যেতে পারবে না? তাই বিশ্বায়নের ক্ষেত্রে উড়োজাহাজের অবস্থান শীর্ষে বললে অত্যুক্তি হবে না। অথচ আমরা কম লোকেরাই উড়োজাহাজের আদি ইতিহাস জানি। আর বর্তমানে যে উড়োজাহাজ অত্যাধুনিক পর্যায়ে আছে। তার পেছনে রয়েছে অনেকের স্বপ্ন, জীবন এবং অক্লান্ত প্রচেষ্টা। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, স্বভাবজাত বৈশিষ্ট্য অনুযায়ী মানুষ বৈচিত্রময়। তারা অন্যান্য জীবের মতো একই ধারায় অবস্থান নিয়ে থাকতে চায় না। একটার পর একটা নতুনত্বের উপর ভর করে চলমান কার্যক্রমের আওতায় পরিবর্তনপূর্বক এগিয়ে যেতে চায়। আর এর ভিত্তি হলো কল্পনা প্রসূত কার্যক্রম তথা স্বপ্ন। যাহোক, মানুষ স্মরণকাল থেকেই আকাশে বিহঙ্গদের ন্যায় অবাধ বিচরণের জন্য অদম্য ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়ে উঠে না। কেননা মধ্যাকর্ষণের কারণে এত ভর বা ওজন নিয়ে উড়বে কীভাবে? এ ব্যাপারে যতদূর তথ্যাদি পেয়েছি তাতে লক্ষ্য করেছি যে, হাজার হাজার বছর আগে উড়ার নিমিত্ত কেউ কেউ পাহাড়ে উঠে তাল গাছের পাতার বড় পাখা দু’হাতে নিয়ে লাফ দিয়ে জীবন দিয়েছে। আবার এও কাহিনী শুনেছি যে অতি প্রাচীনকালে একজন সাহসী যুবক পাখীদের বড় বড় পালক সংগ্রহ করে ঘাড় সহ দু’হাতের সাথে মোম দিয়ে লাগিয়ে উচ্চ স্থান থেকে ঝাঁপ দিয়ে উড়ার চেষ্টা করলে সামান্য কিছুটা উড়লেও শেষ পর্যন্ত রোদে মম গলে ভূ্পতিত হয়ে অকাল মৃত্যু হয়। আর এ ধরনের অনেক কল্পকাহিনী আছে। তাছাড়া বিভিন্ন ধর্মীয় পুস্তকে আকাশে উড়ার ব্যাপারে প্রকারান্তরে পরোক্ষভাবে উল্লেখ আছে। তাছাড়া সম্পূরক বিষয় হিসেবে অষ্টাদশ শতাব্দিতে তৈরীকৃত উষ্ণ গ্যাস বেলুনের কথা প্রণিধানযোগ্য। এখানে একটি কথা না বললেই নয়:তাহলো এর নামকরণের বিষয়টি। আমাদের দেশে বাংলা ভাষায় উড়োজাহাজ বলা হয়। সেক্ষেত্রে  উল্লেখ্য যে, এটি দু’টি শব্দের সংমিশ্রণ। একটি উড়া এবং অন্যটি হলো জাহাজ (পোত)। এদিকে আমেরিকা ও পাশ্চাত্য জগতে এটি Air Plane (Aeroplane) বলে অভিহিত।

                                             পরের অংশ আগামীকাল