এবার সেই শিক্ষকের মুক্তি দাবিতে ভিকারুননিসায় বিক্ষোভ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

কারাগারে থাকা শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবি জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুরে স্কুলের প্রধান ফটকের সামনে বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এ দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার পিতা যে মামলা করেছেন, সেখানে তিনজন শিক্ষককে আসামি করা হয়েছে। মামলা করার দিনই শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করা হয়েছে। এটা অন্যায়। যে শিক্ষক মানুষ গড়ে তার হাতে হাতকড়া কেন-এটা একজন শিক্ষার্থী হিসাবে কোনভাবেই মেনে নিতে পারছি না। দোষী ব্যক্তিদের পরিবর্তে নির্দোষ কেউ হেনস্তার শিকার হন- সেটা কারোরই কাম্য হতে পারে না।

আত্মহত্যায় প্ররোচণার মামলায় বুধবার মধ্য রাতে উত্তরা থেকে হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আবু সাইদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। গতকাল ‘ভািকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রীবৃন্দ’ ব্যানারে শিক্ষক হাসনা হেনার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, হাসনা হেনা আপা কোনোভাবে অরিত্রীর ঘটনায় দায়ী নন। তিনি পরিস্থিতির শিকার।

প্রসঙ্গত, পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেন’ অধ্যক্ষ। সে কারণে অরিত্রী গত সোমবার আত্মহননের পথ বেছে নেয়।