৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় টেক্সটাইল ও মেশিনারির প্রদর্শনী

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:০৫

আগামী ৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর কুড়িলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে টেক্সটাইল ও ইয়ার্ন পণ্য এবং মেশিনারিজের তিনটি প্রদর্শনী। ২০তম ‘টেক্সটেক বাংলাদেশ’, ‘১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৯’ এবং ‘৩৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৯’ অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা, কাপড়ের পাশাপাশি টেক্সটাইলের মেশিনারিজ, নতুন নতুন প্রযুক্তি ও রাসায়নিক দ্রব্যের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীর আয়োজন করছে সেম্স গ্লোবাল।

গতকাল সোমবার রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সেম্স গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম। এ সময় জানানো হয়, বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, জাপান, তুরস্ক, ইতালি, শ্রীলঙ্কাসহ ২৫টি দেশের ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠান প্রায় দেড় হাজার স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। যেখানে চার হাজার বিদেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন। এ ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন।

৪ সেপ্টেম্বর সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর পাশাপাশি বিষয়ভিত্তিক একাধিক সেমিনারেরও আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেম্স গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান নাইম শরিফ, এজিএম কে এম খায়রুল হাসান আরিফ প্রমুখ।