ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দেড় বিঘা জমি পুনরুদ্ধার ও ফেরত পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে মন্দির কমিটি। গতকাল শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জমি ফেরত প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।
লিখিত বক্তব্যে বলা হয়, যার উদ্যোগ ও আন্তরিকতায় এই কাজটি বাস্তব রূপ নিয়েছে তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশাকরি জমির দখল গ্রহণের কাজটিও দ্রুততার সঙ্গে শেষ হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
