নতুন নায়ক গ্রিজমান

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:০৯

লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও ওসমান দেম্বেলের অনুপস্থিতিতে আপন আলোয় জ্বলে উঠলেন আন্তনিও গ্রিজমান। ক্যাম্প ন্যুতে নিজের প্রথম আনুষ্ঠানিক ম্যাচে করলেন জোড়া গোল। তাতে স্পানিশ চ্যাম্পিয়নরা লা লিগায় রিয়াল বেটিসকে হারাল ৫-২ গোলে।

বার্সেলোনার বিরুদ্ধে অতিথি দলটিই গত রবিবার রাতের এ খেলায় প্রথমে এগিয়ে গিয়েছিল। ১৫তম মিনিটে নেবিল ফেকির গোলটি করেছিলেন, কিন্তু নিজেকে প্রমাণের পালায় ফরাসি গ্রিজমান ৪১ মিনিটের বেশি সময় নেননি। ৯ মিনিটের ব্যবধানে গোল দুটি করে খেলায় ফেরান স্বাগতিকদের। এরপর কার্লোস পেরেজ, জোডি আলভা ও আরতুরো ভিডাল ৫৬ থেকে ৭৭ মিনিটের মধ্যে আরো ৩টি গোল দেন। ৭৯ মিনিটে লোরেন মোরন বেটিসের হয়ে গোল করলেও তা পরিস্থিতিকে বদলাতে পারেনি।

মেসি-সুয়ারেজদের অনুপস্থিতিতে বেটিসের বিরুদ্ধে দলে পরিবর্তন আনতে হয়েছিল কোচ আর্নেস্তো ভেলভার্দেকে। গ্রিজমানকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে রেখে রাফিনহো আলকানতারা ও কার্লেস পেরেজকে জুড়ে দেন আক্রমণে। গ্রিজমান নিজের গতিময়তার পাশাপাশি এদের সঙ্গে মিলে শুরু থেকেই বিপক্ষের জন্য হুমকি হয়ে ওঠেন।

প্রাকেমৗসুম ন্যাপোলির বিরুদ্ধে গোল করার পর বার্সেলোনার জার্সিতে ক্যাম্প ন্যুতে এই প্রথম গোল করলেন গ্রিজমান। মেসির অনুপস্থিতিতে বেটিসের বিরুদ্ধে তার খেলা ক্যাম্প ন্যুর ৮০ হাজার দর্শক উপভোগ করে। এদিন নিজের দায়িত্ব পালনের পাশাপাশি তাকে নিচে নেমেও বল ধরতে দেখা যায়। এছাড়া দলসঙ্গীদের ৬৪টি পাস দিতে দেখা যায় তাকে। এর মধ্যে ৫৪টি ছিল সফল।

কোচ ভেলভার্দে বিপুল ট্রান্সফার ফিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে দলে ভেড়ানো খেলোয়াড়টির নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গ্রিজমান গুরুদায়িত্ব কাঁধে আসার পর ‘যথার্থভাবেই সাড়া’ দিয়েছেন। ভেলভার্দে বলেন, ‘সে মিডফিল্ডেও নেমে এসেছিল সাহায্য করতে এবং সে নজর কেড়েছে। আমরা জানি যে যদি আক্রমণভাগের খেলোয়াড় নিচে নেমে আসে, আমাদের তাইলে জয়ের ভালো সুযোগ থাকে।’