ছোটোদের সাফে আজ নেপালকে বধ করতে চায় বাংলাদেশ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:১০

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং ভারত। এই দুই দলের আরো তিন প্রতিপক্ষ নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা পিছিয়ে থাকলেও সবচেয়ে বাজে অবস্থা ভুটানের। চার খেলার মধ্যে তিন খেলায় হেরে বাজে অবস্থায় রয়েছে। শ্রীলঙ্কানদের তিন খেলায় এক জয়। দুই খেলায় নেপালের এক জয়। তুলনায় একটু সুবিধাজনক স্থানে রয়েছে নেপাল। এই নেপালের সঙ্গে বাংলাদেশের লড়াই আজ। কলকাতার কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।

বাংলাদেশ যদি আজ নেপালকে হারিয়ে দেয় তাহলে ৯ পয়েন্ট ফাইনালের দুয়ারে দাঁড়াবে বাংলাদেশ। ফাইনালে উঠে যাবে। বাংলাদেশের জন্য আজই কঠিন ম্যাচ। ২০১৮ সালে সাফের গত আসরে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে হারিয়েছিল। গোল করে গোল হজম করেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোল করে বাংলাদেশের কিশোর ফুটবলাররা নেপালের কাছ থেকে জয় তুলে নেয়। আজও নেপালের বিপক্ষে লড়াই করেই জিততে হবে বলে জানিয়েছেন দলের কোচ সাবেক তারকা ফুটবলার পারভেজ বাবু।

ভারতে অনুষ্ঠানরত ছোটোদের সাফে একদিন পর পর খেলা হচ্ছে। তাই কোনো বিশ্রাম নেই। ম্যাচের পরদিন হালকা অনুশীলন হয়। সেটিকে অনুশীলনও বলা যায় না। সুইমিংপুলে সাঁতার কেটে জিম করে শরীরটাকে ঝালিয়ে নেওয়া আর কি।

যেন পরদিন ম্যাচটায় পুরো শক্তি নিয়ে লড়াই করা যায়। সেই সঙ্গে খেলোয়াড়রা কে কি পারফরম্যান্স করল তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ভুলগুলো শুধরানোর কাজ করা হয়।

সাফে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে এবং ৭-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক রাকিবুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন নেপালের বিপক্ষেও উজ্জীবিত ফুটবল খেলবে তার দল।