জয়ের জন্য লড়বে এমার্জিং দল

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:১১

শ্রীলঙ্কা এমার্জিং দলের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। সেই তিক্ত অভিজ্ঞতা নিয়েই আজ থেকে চার দিনের ম্যাচের লড়াই শুরু করতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলের। আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এমার্জিং দলের প্রথম ম্যাচ। এই ম্যাচের অধিনায়ক শান্ত বলেছেন, তারা ম্যাচে জয় ছাড়া অন্য কিছুর কথা ভাবছেন না।

শ্রীলঙ্কা দলটিতে কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড় থাকলেও বেশিরভাগ খেলোয়াড়ই ছিল অচেনা। সেই খেলোয়াড়দের এতো দিনে অনেকটাই চিনে ফেলেছেন বলে দাবি করছিলেন বাংলাদেশ দলটির অধিনায়ক শান্ত। আর এই চেনা থেকেই তিনি মনে করেন, তাদের এই ম্যাচটা জেতা উচিত, ‘আমাদের কন্ডিশনে খেলা। ফলে আমাদের এগিয়ে থাকার কথা। শুরুতে আমাদের একটু সমস্যা হয়েছে। কারণ, ওদের খেলোয়াড়দের আমরা সেভাবে চিনে উঠতে পারছিলাম না। এখন আমরা ওদের বিপক্ষে খেলে অভ্যস্ত হয়ে গেছি। তাই আমরা জয়ের আশা করতে পারছি। চার দিনের ম্যাচে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’

এই ইতিবাচক মানসিকতা ধরে রাখার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে ওয়ানডে সিরিজের স্মৃতি। সেখানে ঘরের মাটিতে সিরিজ হারটা চাপ হয়ে উঠতে পারে। কিন্তু শান্ত বলছিলেন, এই ব্যাপারটা চাপ হবে না বলেই তিনি মনে করেন, ‘আসলে শেষ ম্যাচটা তো আমরা বৃষ্টি আইনে হেরে গেলাম। নতুবা প্রথম ম্যাচের পর থেকে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের সব বিভাগেই পারফরম্যান্স এখন ভালো হচ্ছে। আর এটা ভিন্ন ফরম্যাটের খেলা। ফলে এখানে ওয়ানডে সিরিজের রেজাল্টটা কেউ মনে রাখবে বলে মনে হয় না।’

শ্রীলঙ্কা এমার্জিং দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১১৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এর পরের দুই ম্যাচে অবশ্য ব্যাটিংটা তারা ভালো করতে পেরেছে। শান্ত চান ব্যাটসম্যানদের এই ফর্মটা চার দিনের ম্যাচেও থাকুক, ‘আমাদের ব্যাটসম্যানরা এখন ভালো ছন্দে আছে। সাইফ খুব ভালো রান করছে। আফিফ ভালো ফর্মে আছে। ইয়াসির বা আমিও রান পাচ্ছি। ব্যাটসম্যানদের এই ফর্মটা টিকে থাকলে চার দিনের ম্যাচগুলোতে আমরা ভালো করবো।’

তবে বোলিংটা একটা দুশ্চিন্তা রয়েই গেছে। তিন ওয়ানডে ম্যাচেই বোলাররা প্রতিপক্ষকে চেপে ধরতে ব্যর্থ হয়েছেন। তবে শান্ত এটাকে ঠিক ব্যর্থতা বলছেন না। তার মতে এটা অভিজ্ঞতার অভাব। আর সেটা চার দিনের ম্যাচে কেটে যাবে বলেই তার বিশ্বাস, ‘আসলে আমাদের এই দলটার অনেকেরই তো বড়ো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তাই একটু সমস্যা হচ্ছিল বোলিংয়ে। তারপরও অনেকে খুব ভালো কিছু ছোটো ছোটো স্পেলে বল করেছে। আমার ধারণা বোলাররা উন্নতি করছে। আশা করি এখানে তারা আরো ভালো করবে।’