ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ট্র্যাজেডি দিবস পালিত

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫২

ফুলবাড়ীতে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের জন্য ফুলবাড়ী উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় স্থানীয় নিমতলা মোড় থেকে তেল গ্যাস জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে একটি শোক র্যালি পৌর শহরে বের করা হয়। র্যালি শেষে ২০০৬ সালের ২৬ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের গুলিতে নিহত আমিন, সালেকীন ও তরিকুলের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শেষে স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা শাখা তেল গ্যাস জাতীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হামিদুল হকের সভাপতিত্বে কয়লাখনি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, সিপিবির শাহিন রহমান,  ওয়ার্কার্স পার্টির সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনছার আলী দুলাল, বাসদ (খালেকুজ্জামান) এর কিবরিয়া হোসেন, বাসদ (মাকর্সবাদী) শুভ্রাংশু চক্রবর্তী, স্থানীয়দের মধ্যে এসএম নূরুজ্জামান জামান, শফিকুল ইসলাম শিকদার, কমল চক্রবর্তী, সঞ্জিত প্রসাদ জিতু, গণসংহতি আন্দোলনের নাজার আহম্মেদ প্রমুখ।

এদিকে সম্মিলিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসী নামের সংগঠনের ব্যানারে ফুলবাড়ী পৌর মেয়র ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে সকালে পৌর শহরে শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

২০০৬ সালের ২৬ আগস্ট তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে আমিন, সালেকীন ও তরিকুল নামের তিন যুবক নিহত এবং তিন শতাধিক নারী ও পুরুষ আহত হন। তখন থেকে এই দিনটিকে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।