ফের দৌলতদিয়ায় আবাসিক বোডিং থেকে লাশ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৩

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন আবাসিক বোডিং থেকে ফের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাউছিয়া নিজাম বোডিং থেকে সুমন প্রামাণিক নামের ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার একই এলাকার ভাই ভাই বোডিং থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে। সুমন প্রামাণিক নওগাঁর রানীনগর উপজেলার পারাইল ইউনিয়নের বুদনা গ্রামের মৃত সোনাই প্রামাণিকের ছেলে। আবাসিক বোডিংয়ের রেজিস্ট্রারে লেখা মোবাইলে যোগাযোগ করে তার এ পরিচয় পাওয়া গেছে।

বোডিংয়ের মালিক নিজাম শেখ জানান, ঐ ব্যক্তি রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বোডিংয়ে রুম বুকিং নেয়। এরপর রাত শেষে সোমবার সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশে খবর দেই।

এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানার এস আই অলিয়ার রহমান জানান, খবর পেয়ে আমরা গাউছিয়া বোডিংয়ে গিয়ে সুমনের লাশ উদ্ধার করি। লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সুমনের মা রেহেনা বেগম মুঠোফোনে জানান, তার ছেলে কয়েক বছর ধরে বাড়িতে থাকে না। কয়েক বছর আগে বিবাহ করার পর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। শুনেছিলাম সে বিভিন্ন জায়গায় থেকে শ্রমিকের কাজ করত।