মুরাদনগরে সাত ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৪

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। রবিবার রাত সাড়ে বারোটায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোমতি নদীর বেড়িবাঁধ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের একটি মাছের আড়তে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আশপাশের দোকান ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টায় ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।