বাঁশখালীর তিন ফিশিং বোটে ডাকাতি

উদ্ধার হয়নি নিখোঁজ দুই জেলে

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৪

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বাঁশখালীর চাম্বল এলাকার তিনটি ফিশিং বোটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ফিশিং বোট তিনটির ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটসহ দুই জেলেকে সাগরের পানিতে ফেলে দিয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটলেও সোমবার পর্যন্ত নিখোঁজ দুই জেলের কোনো প্রকার হদিস পাওয়া যায়নি।

গত কয়েক দিন আগে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে সাহাব উদ্দিনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া-১ ও মো. আবদুল্লাহর মালিকানাধীন এফবি আল্লাহর দান-১ ও এফবি আল্লাহর দান-২ মাছ ধরার জন্য সাগরে যায়। মাছ ধরে শনিবার ফেরার পথে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ডাকাতদের কবলে পড়ে। ঐ সময় ডাকাতদল তাদের মাছসহ সর্বস্ব লুট করে নেয়। বাধা দিতে গিয়ে বোটে থাকা কুতুবদিয়া এলাকার জেলে মো. আনোয়ার ও চকরিয়া এলাকার মো. হোছাইনকে জলদস্যুরা পানিতে ফেলে দেয়।