কাউখালী বন্দরের মধ্য বাজার এলাকায় আগুনে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কাউখালী মধ্য বাজার ডা. আলী হোসেনের চেম্বারের পার্শ্বে কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন পাশে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকান ও বসতঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়।
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। তাদের দাবি অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৪০ লাখ টাকার মালমাল উদ্ধার করেছে।
