ইবিতে সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৮

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রবিবার রাত সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীদের সকল আবাসিক হলে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে প্রাথমিক চিকিত্সা শেষে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ প্রায় ৩০/৩৫ জন নেতাকর্মী রবিবার রাতে সাদ্দাম হোসেন আবাসিক হলে গিয়ে বিদ্রোহী গ্রুপের কর্মী মোশারফ হোসেন নীলকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল সাংগঠনিক কর্মকাণ্ড কেন্দ্রের নিয়ম অনুযায়ী আমাদের সিদ্ধান্তক্রমে পরিচালিত হবে। বহিরাগত ও বিদ্রোহীদের ইশারায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হতে পারে না।  এতে বিদ্রোহী মোশারফ সায় না দিলে বাগিবতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধু আবাসিক হল থেকে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে সাধারণ সম্পাদকের গ্রুপে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরিত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তেক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কার্যক্রমকে বাধাগ্রস্ত ও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে বিদ্রোহীরা বারবার হামলার পরিকল্পনা করে যাচ্ছে। আমি বিদ্রোহী গ্রুপের কর্মীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে অছাত্র ও বহিরাগতদের নিয়ে কথা বললে হঠাত্ই অতর্কিত হামলা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় বসেছি। এখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে।