লালপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:০০

লালপুর উপজেলার নওপাড়া গ্রামের আসমান আলীর মেয়ে আছমা খাতুন (১৪) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। আছমা বাঘা উপজেলার খানপুর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং শারীরিক প্রতিবন্ধী ছিল। আছমার বড়ো ভাই হাসানুর রহমান জানান, আছমা খাতুন প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে বেরিয়ে যায়। দুপুরে বাড়ি ফিরতে দেরি দেখে তার খোঁজ নিতে গিয়ে রাস্তার ধারে জনৈক আনারুলের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে স্কুলে যাওয়ার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে আছমার মৃত্যু হয়।