g কুমিল্লা প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে এবার নতুন ভোটার হয়েছে ৫ লাখেরও অধিক। ভোটার বৃদ্ধির কারণে গত সংসদীয় নির্বাচনের তুলনায় জেলায় ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যাও বেড়েছে। জেলার একটি সিটি করপোরেশন, ৮টি পৌরসভা এবং ১৯৩টি ইউনিয়নে এবার মোট ভোটার ৩৮ লাখ ৭৮ হাজার ৬০৪ জন। এরমধ্যে পুরুষ ১৯ লাখ ৫৩ হাজার ৮৬৫ জন ও নারী ভোটার ১৯ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। ভোটার সবচেয়ে বেশি কুমিল্লা-১০ আসনে। কম ভোটার কুমিল্লা-৭ আসনে। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে ভোটার ছিল ৩৩ লাখ ৬১ হাজার ৬২৫ জন। এবার ১০৪টি ভোট কেন্দ্র ও ৮৬৮টি ভোট কক্ষ বেড়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের একটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে পুরুষ ১ লাখ ৭৫ হাজার ৪৯৬ জন ও নারী ১ লাখ ৭১ হাজার ৫১৩ জনসহ মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৯ জন। এ আসনে ভোট কেন্দ্র ১২৯টি ও ভোট কক্ষ ৭১৪টি। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯৭৪ জন। এ আসনে ভোট কেন্দ্র ৯৮টি এবং ভোট কক্ষ ৫৭১টি। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ২২টি ইউনিয়নে ভোটার ৩ লাখ ৮৩ হাজার ৮২ জন। ভোট কেন্দ্র ১৩৭টি ও ভোট কক্ষ ৭৫৩টি। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭৪৭ জন। ভোট কেন্দ্র ১১০টি ও ভোট কক্ষ ৫৯৫টি। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১৭টি ইউনিয়নে ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৬২৪ জন। ভোট কেন্দ্র ১২৮টি এবং ভোট কক্ষ ৭১১টি। কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন) আসনের সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, ৬টি ইউনিয়ন ও সেনানিবাসের ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৭৪৮ জন। ভোট কেন্দ্র্র ১২৭টি ও ভোট কক্ষ ৮০১টি। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৮৩ জন। ভোট কেন্দ্র ৮৩টি ও ভোট কক্ষ ৪৭৬টি। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটার ২ লাখ ৯৬ হাজার ৭৪৮ জন। ভোট কেন্দ্র ৯৯টি ও ভোট কক্ষ ৫৮৩টি। কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ভোটার ৩ লাখ ৬১ হাজার ৮৬৭ জন। ভোট কেন্দ্র ১২৬টি ও ভোট কক্ষ ৭১৯টি। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের একটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নে ভোটার ৫ লাখ ১৬ হাজার ৪৬৩ জন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ভোটার ৩ লাখ ২৮ হাজার ১৫৯ জন। ভোট কেন্দ্র ১০৭টি ও ভোট কক্ষ ৬৪৪টি।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার ১১টি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার, ভোট কেন্দ্র ও ভোট কক্ষের তালিকা প্রস্তুত করা হয়েছে।
