হামলা বন্ধ করবে না তালেবান

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:০২

আফগান তালেবান জঙ্গিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের ওপর তারা হামলা বন্ধ করে দেবে। যুক্তরাষ্ট্র এবং তালেবান কর্মকর্তারা একটি চুক্তির জন্য কাতারে আলোচনা চালিয়ে যাচ্ছে। তালেবানের দাবি, মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে। আর যুক্তরাষ্ট্রের শর্ত, তালেবান আফগানিস্তানে কোনো আন্তর্জাতিক সন্ত্রসী গোষ্ঠীকে আশ্রয় দেবে না। যুক্তরাষ্ট্র তালেবানকে আলোচনা চলাকালীন আফগান সরকারের সঙ্গে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। কিন্তু তালেবান নেতারা বলছে তা সম্ভব নয়।

নাম না প্রকাশ করার শর্তে এক তালেবান নেতা বলেন, আমরা আফগান সরকারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব এবং ক্ষমতা দখল করব। ১৮ বছর আগে শুরু হওয়া আফগান যুদ্ধের পরিসমাপ্তি চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আফগান মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করলে তালেবানরা আবার ক্ষমতা দখল করবে এবং আইএসের মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সেখানে ঘাঁটি গারবে। আরেক জন তালেবান সন্ত্রাসী জানায়, এ সপ্তাহে একটি চুক্তি হতে পারে; যার ফলে মার্কিন সেনা ও তালেবান একে অপরের ওপর হামলা বন্ধ করবে। তবে মার্কিন সেনা আফগান সরকারকে কোনো সহায়তা করতে পারবে না।