g ইত্তেফাক রিপোর্ট
সাভার উপজেলার আশুলিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ইলিয়াস মৃধা (৫০) নামের এক দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে এক বখাটে। গত বৃহস্পতিবার সকালে কলতাসূতী তালতলী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইলিয়াস নড়াইলের লোহাগড়া থানাধীন পারমল্লিকপুর গ্রামের। স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মুরাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ইলিয়াস আশুলিয়ার কলতাসূতী তালতলী এলাকায় তার মেয়ের জামাতা ফরিদের বাড়িতে থেকে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
নিহতের মেয়ে মনিরা জানান, সকালে স্থানীয় বখাটে মুরাদ তার বাবার দোকানে সিগারেট আনতে যায়। সিগারেট বাকিতে দিতে পারবে না জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুরাদ দোকানের পাশে থাকা লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানান, মুরাদকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুরাদ কলতাসূতী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
