গাইবান্ধার সাদুল্লাপুরে নিজবাড়ির উঠান থেকে রাতে নিখোঁজ ব্যক্তির লাশ পরদিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় ভেসে উঠল নিজের পুকুরেই। গতকাল সোমবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঐ পুকুর থেকে পুলিশ নিহত রাজমিস্ত্রি নেহারুল বেপারির (৪৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় ।
সাদুল্লাপুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, নেহারুল গত রবিবার মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে নিজবাড়ির উঠানে পাঁয়চারি করছিলেন। এরপর হঠাত্ করেই তিনি নিখোঁজ হন। স্বজনরা রাতেই বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে তার ছোটো ছেলে মশিউর রহমান বাড়ির পিছনের পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে তার বাবার হাত-পা বাঁধা লাশ ভাসতে দেখে।
