g গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার ভোর রাতে তমিজদ্দিন মোল্লা নামের এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করে তাকে সপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়ের পাড়ার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। তমিজ উদ্দিন মোল্লা জানান, তিনি পূর্বে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। কয়েক বছর আগে তার ছেলে আ. রশিদ মোল্লাকে ডেকে নিয়ে খুন করে দুর্বৃত্তরা। সেই মামলার আসামিরা বর্তমানে জামিনে আছে। রাজনৈতিক প্রতিপক্ষ অথবা তার ছেলের খুনে জড়িতরা তাদের হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে তমিজদ্দিন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোরের দিকে আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখতে পান তাদের বসত ঘরে আগুন জ্বলছে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
