বোমা বলে সন্দেহ
g জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর উপজেলা শহরের আঁশতলাপাড়া জামে মসজিদের পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৬ বাহুবিশিষ্ট একটি বস্তু দেখা গেছে। সকাল হতে স্থানটি ঘিরে রেখেছে জীবননগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার সকালে সার্কিটসহ বস্তুটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বোমা নিষ্ক্রিয় দলকে খবরটি জানায়। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা হতে বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। বস্তুটি উদ্ধার না হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশ ও স্থানীয়রা এটিকে বোমা বলে মনে করছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আঁশতলাপাড়া জামে মসজিদের পাশের গলির ভেতরে একটি খবরের কাগজের মধ্যে লাল স্কচটেপ মোড়ানো ৬ বাহু বিশিষ্ট বস্তুটি দেখতে পেয়ে তাদের মনে সন্দেহ জাগে। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে স্থানটি ঘিরে রাখে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মসজিদের পাশে ৬ বাহু বিশিষ্ট বোমাসদৃশ বস্তুটি দেখতে পায়। কে বা কারা কি কারণে বস্তুটি এখানে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
