আড়াইহাজারে ড্রেন নির্মাণে ধীরগতি, সমস্যায় পথচারী-ব্যবসায়ী

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৩১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :আড়াইহাজারে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন আড়াইহাজার পৌর বাজারের ড্রেন নির্মাণে ধীরগতির কারণে জনসমস্যা চরম পর্যায়ে পৌঁছেছে। নির্মাণাধীন ড্রেনের গর্তে পানি জমে থাকায় এডিস মশার লার্ভা জন্মাচ্ছে, সেই সঙ্গে প্রায়ই গর্তে পড়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বড়ো গর্তের কারণে সড়ক সরু হয়ে যাওয়ায় যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। ফলে প্রায়ই সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার পাশের চা দোকানি মো. আইয়ুব হোসেন জানান, ড্রেনের কারণে দোকানে আগের মতো ক্রেতা আসতে পারে না। তাই বেচা-বিক্রিও কম। রাস্তার পাশে থাকা প্রতিটি দোকান মালিকের এই একই অভিযোগ          —মাসুম বিল্লাহ