সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণের টাকার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৩১

সিরাজগঞ্জের সয়দাবাদে ইকোনমিক জোনের ভূমি অধিগ্রহণের পাওনা টাকা ও বঙ্গুবন্ধু সেতুর উত্তর-দক্ষিণ পাশ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মুলিবাড়িতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সয়দাবাদ ইউনিয়নের সহস াদিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ নবিদুল ইসলাম, জেলা ট্রাক ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি একরামুল হক রিজভী, ইউপি সদস্য আব্দুল মমিন তালুকদার, জানিব শেখ, জমির মালিক আব্দুল মমিন শেখ, মজনু শেখ, নারী নেত্রী ফোয়ারা বেগম ও রিতা তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কর্মসংস্থান সৃষ্টির জন্য জায়গা দিয়েছি; কিন্তু আমরা এখনো ক্ষতিপূরণ পেলাম না। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই জমিতে বালু ভরাট শুরু করেছে। অপরিকল্পিতভাবে বঙ্গবন্ধু যমুনা সেতুর উত্তরে শিল্পপার্কের এবং দক্ষিণে ইকোনমিক জোনের জন্য নদী হতে বালু তুলে ভরাট করা হচ্ছে। অসংখ্য সাকশেন ড্রেজার দিয়ে ৭০ ফুট গভীর করে নদী থেকে বালু উত্তোলন করায় দেশের প্রধান স্থাপনা বঙ্গবন্ধু সেতু হুমকির মুখে পড়েছে। আমরা চাই দ্রুত এসব অনিয়ম বন্ধ করা হোক। আমাদের অধিগ্রহণকৃত জমির দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়া হোক। তা না হলে এলাকাবাসী কাজ করতে দেবে না।