বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল সোমবার ছয় দিনের এক সরকারি সফরে রাশিয়া গেছেন। রাশিয়ার ফেডারাল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন (এফএসএমটিসি) এর আমন্ত্রণে তিনি স্ত্রী ও দুই জন সফরসঙ্গীসহ এ সফরে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়।
সফরকালে বিমানবাহিনী প্রধান রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অ্যাভিয়েশন ও স্পেস সেলুন (এমএকেএস-২০১৯) এয়ার শোতে অংশগ্রহণ করবেন। বিমানবাহিনী প্রধান রাশিয়ার এফএসএমটিসি বিভাগের প্রধানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্ করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও এয়ার শোতে তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান রোসবারোনেক্সপোর্ট এবং অ্যাভিয়েশন কোম্পানি আইআরকুট করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন।
বিমানবাহিনী প্রধানের রাশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরো সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।
