প্রথমবারের মতো বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে শ্রীলঙ্কার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ সায়ুরা ও নন্দিমিত্র। গতকাল সোমবার সকালে চার দিনের সফরে জাহাজ দুটি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের জেটিতে এসে পৌঁছায়। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড বাজিয়ে জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দুটির অধিনায়কদের ফুলেল শুভেচ্ছা জানান।
জাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৪৭ জন নৌ সদস্য রয়েছেন। শ্রীলঙ্কান নৌবাহিনীর অফসোর পেট্রোল ভেসেল ‘সায়ুরা’-এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নীলানথা হিওয়াভিথারান এবং ফাস্ট মিসাইল ভেসেল ‘নন্দিমিত্র’-এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন বুদ্ধিকা লিয়ানাগমেজ দায়িত্ব পালন করছেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে নৌবাহিনী জাহাজ ‘দুর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটির অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন। শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ত্যাগ করবে বলে জানা যায়।
