আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী ৩ সেপ্টেম্বর চীন যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর। ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। ইতিমধ্যে ১৫ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকি পাঁচজনের নাম দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করে দেবেন।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার রাখার জন্য সরকারের পাশাপাশি দুই পার্টির মধ্যেও নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে এই সফর হবে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানায়। সম্পর্ক উন্নয়নে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তিও রয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়েক দফায় আওয়ামী লীগের প্রতিনিধিদল চীন সফর করে। ২০১৭ সালে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চীন সফর করে।
