চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:২১

g চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের একটি কটেজ থেকে জাহাঙ্গীর ইসলাম রাজু নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী হলের পাশে অবস্থিত এতিম আলী কটেজের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে হাটহাজারি থানা পুলিশ। রাজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে নোয়াখালী  জেলার সোনাইমুরী থানার লেবানন প্রবাসী মো. সিরাজের ছেলে। হাটহাজারি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অং শাং খীসার উপস্থিতিতে তার লাশ উদ্ধার করে চট্টগাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজুর সহপাঠীরা জানায়, চলতি বছরের জানুয়ারির দিকে রাজু ভাড়া নেয় ওই কটেজ। কটেজের ওই কক্ষে একাই থাকতো রাজু। চাকরি এবং পড়াশোনা নিয়ে খুব বেশি চিন্তায় ছিল রাজু। কটেজের শিক্ষার্থীরা জানায়, বুধবার বিকেল থেকে মুঠোফোনে বারবার কল করার পরেও ফোন রিসিভ না করলে রাজুর পাশের কটেজের এক শিক্ষার্থীকে জানায় তার ছোট ভাই। পরবর্তীতে ডাকাডাকির পরেও ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেলে জানালার ফাঁক দিয়ে রাজুর লাশ দেখতে পায় তারা। প্রথমে লাশ দেখতে পাওয়া সাজ্জাদ হোসেন জানান, সকালে রাজুর বাড়ি থেকে তার ভাই ফোন করে যোগাযোগ করতে পারছে না বলে জানান। অনেক ডাকাডাকির পরেও রাজুর সাড়াশব্দ না পেলে আমরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।

রাজুর সাবেক রুমমেট মো. আজিম বলেন, গত ৩০ নভেম্বর আমি চট্টগ্রাম শহরে বাসা নেই। যখন রাজুর সাথে থাকতাম তখন দেখতাম মানসিকভাবে সবসময় হতাশাগ্রস্ত ছিল সে। বিভিন্ন সময় পত্রিকায় আত্মহত্যার কলাম দেখে আমাকে দেখাতো এবং বলতো দিন দিন আত্মহত্যা বেড়েই চলছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, ‘রাজুর পরিবারের সাথে কথা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাজুর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলামত দেখে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে রাজু আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।